এডিনবরা (২৬ শে মার্চ ২০২৬)
স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় প্রথমবারের মত স্কটিশ মুলধারায় যুক্ত হল বাংলা সংস্কৃতি। ২৬শে মার্চ ২০২৬ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৩০ ঘঠিকায় স্থানীয় ক্যাপিটাল থিয়েটারে ‘Scratch Night’ অনুষ্ঠানের অংশ হিসাবে থিছল শাপলা কালচারাল গ্রুপের প্রযোজনায় মঞ্চস্থ হয় ‘এক অনিশ্চিত জীবন’ শীর্ষ নাটক।

ইমিগ্রান্ট বাংলাদেশী কমিউনিটির জীবন সংগ্রামের উপর ভিত্তি করে নাট্যকার ফখরুল ইসলামের রচনায় ও নির্দেশনায় উক্ত নাটকে দর্শকদের বিপুল সংখ্যক উপস্থিতি লক্ষ্য করা যায়।
‘এক অনিশ্চিত জীবন’ নাটকে একজন তরুণ প্রবাসী বাংলাদেশির গল্প ওটে আসে। যিনি পরিবারের জন্য উন্নত ভবিষ্যতের আশায় ব্রিটেনে পাড়ি জমান। তবে অভিবাসন স্ট্যাটাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তার জীবনে দেখা দেয় অনিশ্চয়তা, একাকীত্ব এবং অর্থ রোজগারের জন্য ঝুঁকিপূর্ণ কাজ বেছে নিতে হয়। অন্যদিকে বাংলাদেশে থাকা পরিবারের সাথে চলে দ্বন্ধ ।
স্মৃতি, ফোনালাপ এবং কল্পনায় প্রিয়জনদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে নাটকটিতে ফুটে ওটে একজন নথিবিহীন ইমগ্রান্টের মানসিক টানাপোড়েন—দায়িত্ববোধ, অপরাধবোধ, ব্যর্থতার ও ভয়ের দ্বন্দ্ব। সংলাপ, প্রতীকী মুভমেন্ট ও আবহ সঙ্গীতের মাধ্যমে প্রযোজনাটি অভিবাসন, আত্বপরিচয় এবং দুই জগতের মাঝখানে আটকে থাকার বাস্তবতা তুলে ধরে।
নাটকটির শেষ দৃশ্যে সমবেত কন্ঠে সবাই গেয়ে ওঠেন বাংলাদেশের জাতীয় সংগীত – ‘আমার সোনার বাংলা…আমি তোমায় ভালবাসি’

দীর্ঘদিন পর থিসল-শাপলা কালচারাল গ্রুপের নতুন নাটক ‘এক অনিশ্চিত জীবন’প্রদর্শনীতে দর্শকের ছিল উপচে পড়া ভিড়। কোভিড মহামারির পর দলটির এই প্রত্যাবর্তন স্থানীয় নাট্যপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
নাটকটিতে অভিনয় করেন আমিনুর রহমান আভি, জনি আহমেদ , আজিম মাহমুদ সুমন এবং গীতা চন্দ । নাটকটি রচনা ও নির্দেশনা দেন ফখরুল ইসলাম, প্রযোজনায় ছিলেন পল জেমস গোমেজ, মিউজিক পরিচালনায় আব্দুর রাজ্জাক, সাউন্ডে হুমায়ুন কবির এবং লাইটিং এ সৈয়দ আনোয়ার হুসেন।
থিছল শাপলা কালচারাল গ্রুপের যাত্রা শুরু হয় ২০১১ সালে। এই সংগঠনটি দীর্ঘদিন ধরে স্কটল্যান্ডে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে বাংলা সংস্কৃতি চর্চা ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে এটি বাংলা ও স্কটিশ সম্প্রদায়ের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতেও কাজ করছে।

উল্লেখ্য, সাউথ এশিয়ান আর্টিস্ট ইন স্কটল্যান্ড এর উদ্যোগে আয়োজিত ‘Scratch Night’ অনুষ্ঠানে নানাধরনের আকর্ষনীয় সাউথ এশিয়ান শো মঞ্চস্থ হয়। ইন্ডিয়ার মালয়ালম সংস্কৃতির উপর ভিত্তি করে পারফর্মি আর্টস পরিবেশন করেন নেভিল জোস। নৃত্যনাট্য পরিবেশন করেন সারা কামাল। গ্লাসগোর পাকিস্তানী বংশোদ্ভত আর্টিস্ট লুবনা খের পরিবেশন করেন কমেডি শো।
সাউথ এশিয়ান আর্টিস্ট ইন স্কটল্যান্ড এর সমন্বায়ক বিশিষ্ট অভিনেতা ক্যাল সাবিরের সার্বিক ব্যাবস্থাপনায় উক্ত আয়োজনের মুল উদ্দেশ্য ছিল স্কটিশ থিয়েটারের সাথে সাউথ এশিয়ান সাংস্কৃতিক কার্যক্রমকে যুক্ত করা। প্রতিটি পারফর্মেন্স শেষে দর্শকদের মতামত সংগ্রহ করা হয় যার উদ্দেশ্যে ছিল ভবিষ্যতে এসব শো কে কিভাবে আর ও সমৃদ্ধ করা যায়।
(রিপোর্ট: মিজান রহমান, বাংলাস্কট, ২৬/৩/২০২৬, এডিনবরা)






